বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষ দুর্বৃত্তরা মারপিট ও পেটে লাথি দিয়ে আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধু কামরুন্নাহার হাউসিকে (২২) হত্যা করেছে।
সোমবার দুপুরে উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দীঘলকান্দি গ্রামে এ হামলার সময় আরো পাঁচজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা এর সত্যতা নিশ্চিত করে বলেছেন, জিজ্ঞাসাবাদের জন্য মাইমুন বেগম নামে এক গৃহবধুকে থানায় আনা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, গৃহবধু কামরুন্নাহার হাউসি সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দীঘলকান্দি গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে ও একই গ্রামের রঞ্জু মিয়ার স্ত্রী।
ইব্রাহিম ও তার পরিবারের সদস্যদের সাথে প্রতিবেশি আবদুল মান্নানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
সোমবার দুপুরে ইব্রাহিম ও তার লোকজন বাড়ির পাশে বিরোধপূর্ণ জমিতে কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষ আবদুল মান্নানের নেতৃত্বে নান্নু আকন্দ, তার স্ত্রী মাইমুন বেগম, আব্দুল হান্নান, আবদুল গফুর, বিপুল মানিক, ভানু বেগম, ওবায়দুল, রেবেকা বেগম এসে কাজে বাধা দেন।
এক পর্যায়ে তাদের উপর হামলা করা হয়। মারপিট ও পেটে লাথিতে আট মাসের অন্ত:স্বত্ত্বা কামরুন্নাহার হাউসি, তার বাবা ইব্রাহিম, আবদুল কাদের, জরিনা বিবি ও রোজিনা বেগম আহত হন।
এদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মারপিট ও পেটে লাথির আঘাতে গুরুতর আহত অন্তস্বত্ত্বা হাউসিকে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা জানান, নিহত অন্তস্বত্ত্বা হাউসির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নান্নু আকন্দের স্ত্রী মাইমুনাকে থানায় আনা হয়েছে। বিকালে এ খবর পাঠানো পর্যন্ত মামলা হয়নি।