বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনার শিববাড়ি মোড়ে সোহাগ পরিবহনের হেলপার মো: সাব্বিরকে (২৬) বাসের ভেতরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের তার বাড়ি বাগেরহাটের কচুয়া নামক স্থানে। তার মাথা, ঘাড়, হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।
সোহাগ পরিবহনের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে গাড়িটি (ঢাকা মেট্রো ব-১৪-৭১৫৩) শিববাড়ি মোড়ে পাবলিক হলের কাছে এনে রাখা হয়। শুক্রবার সকালে বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, রাতে সোহাগ পরিবহনের বাসটি ঢাকা থেকে আসার পর চালক ওই স্থানে বাসটি রেখে বাড়িতে যায়। এসময় হেলপার সাব্বির বাসে থেকে যান। সকালে আরেকজন চালকের বাসটি নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল।
পুলিশ জানায়, ভোররাতের দিকে দুবৃর্ত্তরা বাসের ভেতরে ঢুকে হেলপার সাব্বিরকে কুপিয়ে গুরুতর জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণে বাসের ভেতরেই তার মৃত্যু হয়।
সকালে চালকের আসনের পেছনে বাসের মেঝে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।