বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশ সোমবার রাতে সেতুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাবা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো: খালেক (২৫) (চালক) ও একই উপজেলার ফলিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে মো: মামুন মিয়া (৩৩) (হেলপার)।
বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল থেকে বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের বিভিন্ন পয়েন্টে তল্লাশি অভিযান চালানো হয়।
এক পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থেকে ঢাকাগামী একটি আলু বোঝাই পিকঅ্যাপ ভ্যান ( নং-ঢাকা মেট্রো ন-১৬-০৮০৩) আটক করা হয়।
পরে ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ২৩৫ বোতল ফেন্সিডিল ও ৯ প্যাকেট ভারতীয় মদ উদ্ধারসহ চালক মো: খালেক ও হেলপার মো: মামুন মিয়াকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।