বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ায় মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রির অপরাধে পাঁচ তারকা হোটেল মম ইন ও চার তারকা হোটেল নাজ গার্ডেনের মালিককে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াহিদুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত এ অর্থ দন্ডাদেশ দেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কর্মকর্তা চিন্ময় প্রামানিক জানান, সোমবার দুপুরে শহরতলীর ছিলিমপুর এলাকায় চার তারকা হোটেল নাজ গার্ডেনে অভিযান চালানো হয়। এ সময় সেখানে মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াহিদুজ্জামান চার লাখ টাকা জরিমানা করেন। হোটেল কর্তৃপক্ষ জরিমানার টাকা পরিশোধ করেন।
পরে শহরতলীর গোকুল এলাকায় পাঁচ তারকা হোটেল মম ইন’এ অভিযান চালানো হয়। সেখানেও মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হোটেল কর্তৃপক্ষকে চার লাখ টাকা জরিমানা করেন।
ওই কর্মকর্তা জানান, নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৯ ধারায় এ জরিমানা করা হয়। আদালত পরিচালনার সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং অফিসার আসলাম উদ্দিন, বগুড়া জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক রামচন্দ্র সাহাসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।