বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে লিটন (২৬) নামে এক যুবক খুন হয়েছে।
শনিবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে খালিশপুর এলাকার কাশিপুরে এ ঘটনা ঘটে। লিটন কাশিপুর বাইতিপাড়া এলাকার চা বিক্রেতা সোবহানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত ১টার দিকে লিটনকে কয়েকজন ফোন করে ডেকে নেয়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে লিটন ও তার বন্ধু আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
তাৎক্ষণিকভাবে লিটন ও আমিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে লিটনের মৃত্যু হয়। আমিন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, রাত ১টার দিকে লিটন নামে এক যুবক খুন হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় কোনো মামলা হয়নি। মামলার পর আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।