বাংলা হেডলাইনস: আজ ১লা মে সকাল ১০টায় মিরপুর শিল্পাঞ্চলের কালশী নতুন রাস্তার মোড়ে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস-মে দিবস উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন ও গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের উদ্যোগে শ্রমিকদের লাল পতাকা সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন রাস্তার মোড়ে বাস স্টপেজের সামনে শেষ হয়, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের এক প্রেস রিলিজে জানানো হয়।
জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের আহবায়ক শামীম ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, বাংলাদেশ শ্রম ইনস্টিটিউট (বাশি)’র ট্রাস্টি বোর্ডের সদস্য গোলাম মুর্শেদ ও গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, মিরপুর শিল্পাঞ্চল কমিটির সভাপতি মনির হোসেন।
সমাবেশে বক্তাগণ বলেন, ১৩৫তম মহান মে দিবসেও শ্রমিক শ্রেণী নির্মম শোষণ-পীড়ণের কারণে দুঃখ, কষ্ট, যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে। অত্যাধিক খাটুনি, কম মজুরি ও বিভিন্নভাবে হয়রানি-নির্যাতন চালিয়ে মালিকশ্রেণী শ্রমিকদের জীবনকে দুর্বিসহ করে তুলেছে।
লকডাউন চলাকালীন সময়ে গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প কল-কারখানা ও প্রতিষ্ঠানের শ্রমিকদেরকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে, কিন্তু অধিকাংশ কর্মস্থলে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারি নির্দেশনা মানা হচ্ছে না।
মহান মে দিবসের রক্তক্ষয়ী সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে ৮ ঘন্টা কর্ম দিবসের অধিকার অর্জিত হওয়ার পরেও তা আমাদের দেশে বাস্তবায়িত হচ্ছে না। এখনো গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প কল-কারখানা ও প্রতিষ্ঠানে শ্রমিকদেরকে নানা অজুহাতে ১২ থেকে ১৬ ঘন্টা কাজ করানো হয়।