বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে মোবাইল ফোনে ‘ফ্রি ফায়ার গেম’ নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের মারপিট ও ছুরিকাঘাতে তিন নির্মাণ তরুণ শ্রমিক আহত হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার চোপীনগর ইউনিয়নের বিহিগ্রামে এ ঘটনা ঘটে। শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় বুধবার বিকাল পর্যন্ত মামলা হয়নি।
আহতরা নির্মাণ শ্রমিকরা হলো বগুড়ার শাজাহানপুর উপজেলার শাহনগর গ্রামের আবদুল ওহাবের ছেলে মোজাহিদ হোসেন (২০), বন্ধু একই এলাকার তোতা মিয়ার ছেলে রায়হান হোসেন (২২) ও আজিজার রহমানের ছেলে সজিব আহম্মেদ (১৮)।
চোপীনগর ইউনিয়নের সদস্য এমরান হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার শাহনগর গ্রামে কিশোর ও তরুণরা মোবাইল ফোনে ‘ফ্রি ফায়ার গেম’এ আসক্ত হয়ে পড়েছে। এ গেম নিয়ে প্রায় এক সপ্তাহ আগে তিন বন্ধু মোজাহিদ, রায়হান ও সজিব তাদের প্রতিবেশি দুদু মিয়ার ছেলে ইলেকট্রিশিয়ান বন্ধু সুমন মিয়াকে (১৮) মারপিট করে।
এ নিয়ে স্থানীয় একটি ক্লাবে শালিস বৈঠক বসলেও মীমাংসা হয়নি।। ওই মারপিটের জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সুমন মিয়া ও তার সহযোগিরা প্রতিপক্ষের ওপর হামলা চালায়। মারপিট ও ছুরিকাঘাতে উল্লিখিত তিনজন আহত হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই ফোর্স পাঠানো হয়েছিল।