বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ

ষষ্ঠ শ্রেণির ছাত্রকে মারপিটে রক্তাক্ত করলেন প্রধান শিক্ষক

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: ক্লাস চলাকালে ‘ডিস্টার্ব’ করার অজুহাতে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র সাকিবুর রহমান সাকিবকে মারপিট করে রক্তাক্ত করেছেন, পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক।

বুধবার সকালে স্কুল চত্বরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ছাত্রের বাবা প্রতিকার পেতে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন। ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও কয়েকজন শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ রয়েছে।

অভিযোগ প্রসঙ্গে পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক জানান, ক্লাস চলাকালে হাইস্কুলের শিক্ষার্থীরা দোলনার কাছে এসে দুষ্টুমি করছিল। এতে ক্লাস নিতে ডিস্টার্ব হচ্ছিল। বার বার নিষেধ করার পরও তারা সরে যায়নি। তাই তাদের সরিয়ে দিতে গিয়ে হাত লেগে দাঁত দিয়ে রক্ত বের হয়েছে।

তিনি আরো বলেন, কোন ছাত্রকে মারপিট করা হয়নি; ভুল বোঝাবুঝি হয়েছে। স্কুলের সভাপতি পুলিশ সুপার সন্ধ্যা ৭টায় তাকে ডেকে পাঠিয়েছেন।

সাকিবের মা শহরের সুত্রাপুর এলাকার শহিদুল ইসলামের স্ত্রী তহুরা মার্জিয়া শারমিন জানান, প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক অন্যায়ভাবে তার ছেলেকে পেছন থেকে কলার ধরে বেদম মারপিট করেছেন। নাক ফেঁটে অনেক রক্ত ঝড়েছে; চোখে ঝাপসা দেখছে। তিনি তার ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তিনি প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

পুলিশ সুপার ও স্কুলের সভাপতি সুদীপ কুমার চক্রবর্তী জানান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও), ছাত্রের অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে নিয়ে বসা হবে। এতে প্রধান শিক্ষক আবদুর রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হবে।

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র (শাখা: খ, রোল: ১১) সাকিবুর রহমান সাকিবের বাবা শহিদুল ইসলাম পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, তার ছেলে বুধবার বেলা ১০টা ৪০ মিনিটের দিকে স্কুলের পাশে দোলনার কাছে যায়। এ সময় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক অকারণে পিছন থেকে আটক করে বেধড়ক মারপিট করে। শার্টের টাই চেপে ধরায় গলায় ফাঁস লাগে। মারপিটে নাকে, দুই চোখে আঘাত করায় ছেলে চোখে ঝাপসা দেখছে। কিলঘুষিতে চশমার কাঁচ ভেঙে নাকে-মুখে লেগে রক্তক্ষরণ হয়। নাক ফেটে অনেক রক্ত বের হয়।

এছাড়া শরীরের বিভিন্ন স্থানে কিলঘুষি মেরে রক্তাক্ত জখম করেন। পরে সহপাঠি ও স্কুলের শিক্ষকরা সাকিবকে উদ্ধার করে স্থানীয় ইবনেসিনা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।

শহিদুল ইসলাম আরো অভিযোগ করেন, এর আগেও প্রধান শিক্ষক কয়েকজন ছাত্রকে অকারণে মারপিট করেছেন। অভিভাবকরা এর কোন প্রতিকার পাননি। তিনি তার ছেলেকে মারপিটকারী শিক্ষক নামধারী আবদুর রাজ্জাকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু তার প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রকে মারপিটের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com