বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দীর্ঘ ১১ বছর পর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে আগামী ২ নভেম্বর শহরের শহীদ টিটু মিলনায়তনে এ দ্বি-বার্ষিক সম্মেলন হবে।
সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ১৬ জন প্রার্থী হয়েছেন।
সম্মেলনকে সামনে রেখে সোমবার সন্ধ্যায় শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক ও সম্মেলন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম বলেন, দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দু’জন ও সাংগঠনিক সম্পাদকের তিন পদে ১১ জন প্রার্থী হয়েছেন।
জেলার ২৪টি ইউনিটের মধ্যে ২২টি ইউনিটের দুই হাজার ২২২ জন তৃণমূল নেতা ব্যালটে তাদের নেতা নির্বাচন করবেন।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্মেলন উদ্বোধন করবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সভাপতিত্ব করবেন, সম্মেলন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম।
এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা রয়েছে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সম্মেলন পরিচালনা কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সদস্য সচিব মোশারফ হোসেন এমপি, অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল, সদস্য লাভলী রহমান, ডা: মামুনুর রশিদ মিঠু, একেএম আহসানুল তৈয়ব জাকির, তৌহিদুল আলম মামুন, মাফতুন আহমেদ খান রুবেল, সাইদুজ্জামান শাকিল, খাদেমুল ইসলাম, সাইদুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তারা আশা করেন, এ সম্মেলন সারাদেশের জন্য একটি মডেল হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলন সম্পন্ন করতে ১১টি উপ-কমিটি করা হয়েছে। প্রশাসনের সাথেও আলোচনা হয়েছে।
তারা এ ব্যাপারে মিডিয়াকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম (ছাতা প্রতিক), সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা (আনারস) ও সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল (দেওয়াল ঘড়ি), সাধারণ সম্পাদক পদে জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা (রিকশা) ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এমআর ইসলাম স্বাধীন (মোটরসাইকেল) এবং সাংগঠনিক সম্পাদকের তিন পদে ১১ জন হলেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোশারফ হোসেন স্বপন (সিএনজি অটো রিকশা), আবদুল আজিজ হীরা (আম), সহিদ-উন-নবী সালাম (কাপপিরিচ), এবিএম মাজেদুর রহমান জুয়েল (বই), শেখ তাহাউদ্দিন নাইন (গোলাপ ফুল), জাহিদুল ইসলাম হেলাল (টিউবওয়েল), কেএম খায়রুল বাশার (মই), মিজানুর রহমান রাজা (কলস), শহিদুল ইসলাম সহিদ (মাইক), আলী হায়দার তোতা (চশমা) ও সোলায়মান আলী (বালতি)।
এদিকে প্রার্থীরা নির্বাচনে বিজয়ী হতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। ভোটাররাও তাদের আশ্বাস দিচ্ছেন। প্রার্থীরা জয়লাভের ব্যাপারে আশাবাদী।
সম্মেলনকে ঘিরে ভেন্যু শহীদ টিটু মিলনায়তন ওচত্বরটি বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। মিলনায়তনের সামনে স্বাগত তোরণ, বাহিরে ডেলিগেটদের বসার ব্যবস্থা করা হয়েছে। স্থাপন করা হয়েছে ভোট গ্রহণের বুথ। পুরো মিলনায়তন, দলীয় কার্যালয় ও বিভিন্ন এলাকায় প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে।
দলীয় সূত্র জানায়, ২০১১ সালের ৭ এপ্রিল সর্বশেষ সম্মেলনে আংশিক কমিটি ঘোষণা এবং ২০১২ সালের ২৩ অক্টোবর ১৭২ সদস্যের কমিটি ঘোষণা করে হাইকমান্ড। এই কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২০১৯ সালে ভেঙে দিয়ে আহবায়ক কমিটি গঠন করে সকল পর্যায়ে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেয়া হয়।