মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

সিরাজগঞ্জের ৩টি আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

  • আপডেট টাইম : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে সিরাজগঞ্জের ৩টি আসনে দলীয় ৩ প্রার্থীসহ মোট ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ-১, সিরাজগঞ্জ-২ ও সিরাজগঞ্জ-৩ সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এ বাতিলের বিষযটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে রবিবার (৩ ডিসেম্বর) সিরাজগঞ্জের ৩টি সংসদীয় আসনে দলীয় ৩ ও ৭ স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের ৫ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন সিরাজগঞ্জ-১ আসনে জাকের পার্টির রেজাউল করিম ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা তালুকদার, সিরাজগঞ্জ-২ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী সোহেল রানা, এবং সিরাজগঞ্জ-৩ আসনে শরিফুল আলম খন্দকার (আওয়ামী লীগ স্বতন্ত্র) সাখাওয়াত হোসেন সুইট (আওয়ামী লীগ স্বতন্ত্র), আব্দুল হালিম খান দুলাল (আওয়ামী লীগ স্বতন্ত্র) ও স্বপন কুমার রায় (আওয়ামী লীগ স্বতন্ত্র), নুরুল ইসলাম (স্বতন্ত্র), মোজাফফর হোসেন (স্বতন্ত্র) ও মুক্তিজোটের প্রার্থী নুরুল ইসলাম প্রামানিক।

কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুইট বলছেন, বেছে বেছে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই ধরনের ভুল দেখিয়ে একই আসনে আরও পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদের মধ্যে তিনজনই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। ভুল হলে দুই একজনের হবে। কিন্তু সবারই তো একই ধরনের ভুল হবে না। এই বাতিল অবৈধ বলে তিনি আপিল করবেন বলে জানিয়েছেন।

তবে নিয়ম মেনেই প্রার্থীদের কাগজপত্র বাছাই করা হয়েছে এবং যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানিয়েছেন।

এদিকে আগামীকাল সোমবার (৪ ডিসেম্বর) সিরাজগঞ্জ-৪, ৫ ও ৬ বাকি ৩টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com