মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

সিরাজগঞ্জে মৌসুমি খিরা ও শসা চাষাবাদে বাম্পার ফলন

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে আগাম মৌসুমি খিরা ও শসা চাষাবাদের এবার বাম্পার ফলন হয়েছে। হাট-বাজারে এ খিরা এখন দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যমুনার চরাঞ্চলসহ জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে সাড়ে ৭০০ হেক্টর জমিতে মৌসুমি আগাম খিরার চাষাবাদ করেছে কৃষকরা।

ইতিমধ্যেই স্থানীয় হাট-বাজারে এই খিরা শসা উঠছে এবং পাইকারী ও খুচরা বিক্রেতার ভিড় জমে উঠেছে এবং এ জেলার বিভিন্ন স্থানে খিরা শসার আড়ৎ গড়ে উঠছে। বিশেষ করে তাড়াশ, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার অনেক স্থানে এই খিরা শসার আড়ৎ গড়ে উঠেছে। এসব আড়ৎ ও হাট-বাজার থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে এই খিরা শসা সরবরাহ করছে ব্যবসায়ীরা। প্রতি মণ খিরা ৮৫০ থেকে ৯০০ টাকায় এবং শসা ৯০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। স্বল্প খরচে এ চাষাবাদে দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

সিরাজগঞ্জের কামারখন্দ, তাড়াশ, কাজিপুর, উল্লাপাড়া, চৌহালী, শাহজাদপুর, বেলকুচি, রায়গঞ্জ ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে এই খিরা চাষাবাদ করা হয়েছে। তবে যমুনা নদীর তীরবর্তী ৫টি উপজেলার চরাঞ্চলে এই খিরা ও শসা চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। কয়েক সপ্তাহ ধরে কৃষকরা এই খিরা ও শসা হাট-বাজারে বিক্রি শুরু করছে। এ খিরা ও শসা তোলায় এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা।

স্থানীয় কৃষকেরা জানান, প্রতি বিঘা জমিতে ক্ষীরা ও শসা চাষ করতে প্রায় ১৭ থেকে ১৯ হাজার টাকা খরচ হয়। আর এক বিঘা জমি থেকে উৎপাদিত খিরা বিক্রি হয় ২৯ থেকে ৩০ হাজার টাকায়। এ আবাদে পোকা-মাকড়ের আক্রমণ কম।

এজন্য কৃষকেরা এ লাভজনক খিরা ও শসা চাষে বেশি আগ্রহী হয়ে পড়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, জেলার বিভিন্ন স্থানে প্রতি বছরের ন্যায় এবারো আগাম ক্ষিরা ও শসা চাষাবাদ করা হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর দোআশ বালি জমিতে কৃষকরা এ চাষাবাদ করেন।

এ বিষয়ে জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধর জানান, এবার শীত মৌসুমে জেলায় সাড়ে ৭০০ হেক্টর জমিতে আগাম খিরা ও শসা চাষাবাদ হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা স্থানীয় কৃষকদের এই চাষাবাদে পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন। এ কারণে খিরা শসা চাষাবাদে এবার বাম্পার ফলন হয়েছে। হাট-বাজারে এখন দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com