বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাসহ ২ জন নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঘাটাইল উপজেলার রতনপুর গ্রামের এস এম রোকনুজ্জামান (৪৮) ও মুন্সিগঞ্জ জেলার রবিন্দ্র চন্দ্র (৫২)।
রোকনুজ্জামান কালিহাতী উপজেলার উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
কালিহাতী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল্লাহ জানান, উপজেলার আনালিয়া বাড়িতে এক ব্যক্তির গরু অসুস্থ হওয়ার খবর পেয়ে বুধবার রাত ১১টার দিকে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান ওষুধ কোম্পানীর সাবেক প্রতিনিধি রবিন্দ্র চন্দ্রকে নিয়ে মোটরসাইকেল যোগে রওনা হন। তারা হাতিয়া এলাকায় অরক্ষিত লেভেলক্রসিং অতিক্রম করার সময় উত্তরবঙ্গগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন তাদেরকে ধাক্কা দেয়। এসময় তারা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে স্বজনরা নিহতের লাশ বাড়িতে নিয়ে যায়।