বাংলা হেডলাইনস বগুড়া বগুড়ায় নাশকতার পরিকল্পনাকালে ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
সদর থানা পুলিশ মঙ্গলবার রাতে শহরে মালতিনগর শ্মশান ঘাট এলাকায় একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ সময় নাশকতার কাজে ব্যবহৃত সরঞ্জাম ও বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়েছে। সদর থানার এসআই সাজ্জাদুল ইসলাম বুধবার তাদের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসী বিরোধী আইনে মামলা করেছেন।
ওসি হুমায়ুন কবির জানান, বিকালে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাল হুসাইনের আদালতে পাঠিয়ে পাঁচদিন করে রিমান্ড চাওয়া হয়েছে।
গ্রেফতার শিবির নেতাকর্মীরা হলো শিবিরের সাথী আসাদুল আল গালিফ (২৪), সদস্য শাহীন আলম (২৪), শিবির মালতিনগর উপ-শাখার সভাপতি মেহেদী হাসান (২৬), মাদ্রাসা বিষয়ক সম্পাদক ইউসুফ আলী (২৬), সাথী জিয়া আলম (২৫), শিবির কর্মী গোলাম মর্তুজা (২৭) ও আব্দুল কুদ্দুস (২৫)।
ওসি হুমায়ুন কবির জানান, বগুড়া শহরের মালতিনগর শ্মশান ঘাট এলাকায় তোতা মিয়ার ছাত্রাবাসে শিবিরের নেতাকর্মীরা সরকার উৎখাত ও রাষ্ট্র বিরোধী নাশকতামূলক কর্মকান্ডের বৈঠক করছে।
গোপনে এমন খবর পেয়ে মঙ্গলবার রাত ১১টার দিকে ওই ছাত্রাবাসে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও উল্লিখিত সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
পরে ছাত্রাবাস তল্লাশী করে বিপুল সংখ্যক জিহাদি বই, কম্পিউটার, ল্যাপটপ, লাঠি, মাথায় কেরোসিন তেল দেয়া কয়েকটি লাঠি, দুটি চাপাতি ও দুটি হাসুয়া পাওয়া যায়।
মামলা দায়েরের পর বুধবার বিকালে তাদের আদালতে পাঠিয়ে পাঁচদিন করে রিমান্ড চাওয়া হয়েছে।