বাংলা হেডলাইনস খুলনা : ভারতীয় চিত্র নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত মুঠোফোনে কুপ্রস্তাবসহ নানা ধরনের আপত্তিকর বার্তা প্রেরণের অভিযোগে মো: মাহাবুবর রহমান (৩৩)নামের এক যুবক গ্রেফতার হয়েছে।
তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৫দিনের রিমান্ড আবেদন করেছেন। আজ বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানি শেষে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১দিন মঞ্জুর করেছেন।
অভিযুক্ত যুবক খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধিন ৬/১বকশিপাড়া রোডের বাসিন্দা সামছুল আলম সাহেবের বাড়ির ভাড়াটিয়া আতিকুর রহমানের ছেলে।
ভারতের চিত্র নায়িকা শ্রাবন্তী বিষয়টি ভারতীয় হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচার চেয়েছিলেন। সেই সুত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রনালয় হয়ে পুলিশ হেডকোয়াটার্সের নির্দেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানায় মামলাটি ১৬ নভেম্বর দায়ের হয় ।
আজ ১৯ নভেম্বর এই মামলায় অভিযুক্ত যুবককে রিমান্ডে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, অভিযুক্ত মোঃ মাহাবুবর রহমান ভারতের নায়িকা শ্রাবন্তীর ব্যক্তিগত মোবাইল ফোনের নম্বর ম্যানেজ করে ওই নম্বরে বিভিন্ন সময় কল করতো।
নায়িকা শ্রাবন্তী অপরিচিত নম্বরের কল না ধরায় তাকে নানা ধরণের আপত্তিকর ও কুপ্রস্তাব লিখে মেসেজ দিতো মাহাবুব। একপর্যায়ে বিষয়টি প্রতিকার চেয়ে নায়িকা শ্রাবন্তী ভারতীয় হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচার চেয়ে আবেদন করেন।
মামলাটির বাদী হয়েছেন সোনাডাঙ্গা মডেল থানার এসআই মোঃ খালিদ উদ্দিন। মামলাটি তদন্ত করছেন একই থানার ওসি তদন্ত রাধে শ্যাম সরকার। ভারতীয় চিত্র নায়িকা শ্রাবন্তীকে আপত্তিকর মেসেজ প্রদানে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।
এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো: মমতাজুল হক জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলা দায়েরের পর আসামিকেকে আদালতে সোপর্দ করা হয়েছে।