বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার নন্দীগ্রামে আবদুল হাকিম নামে এক কৃষকের বাড়িতে সশস্ত্র ডাকাতি হয়েছে।
শনিবার মধ্য রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের হাটগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসীরা আইয়ুব আলী (৪২) নামে এক ডাকাতকে ধাওয়া করে আটক করেছে। তার কাছে একটি শাটারগান, এক রাউন্ড কার্তুজ ও ধারালো অস্ত্র পাওয়া গেছে।
রোববার পুলিশ তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অস্ত্র ও গৃহকর্তা ডাকাতি আইনে মামলা করেছেন।
পুলিশ ও এজাহার সূত্র জানায়, শনিবার রাত ১২টার দিকে ১০-১২ জনের একদল মুখোশধারী ডাকাত নন্দীগ্রাম উপজেলার হাটগাড়ি গ্রামে কৃষক আবদুল হাকিমের বাড়িতে হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে।
অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি ও রড দিয়ে বেদম মারপিট করে। এক পর্যায়ে তারা বাক্স ভেঙে নগদ ৩০ হাজার টাকা, প্রায় এক ভরি ওজনের স্বর্ণালংকার ও একটি ল্যাপটপ ডাকাতি করে।
ডাকাতদল মালামাল নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে বাড়ির লোকজন চিৎকার দেন। তখন গ্রামবাসীরা ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় ডাকাত দলের সদস্য আইয়ুব আলীকে আটক করে গণপিটুনী দেওয়া হয়।
খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাত আইয়ুবকে গ্রেফতার করে।
নন্দীগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আবদুর রশিদ সরকার জানান, আইয়ুব পার্শ্ববর্তী নাটোরের সিংড়া উপজেলার বামিহাল গ্রামের মৃত শাহাজাহান আলীর ছেলে। তার বিরুদ্ধে নন্দীগ্রামসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।