বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে সোনালী ব্যাংক লিমিটেড সরকারি দেবেন্দ্র কলেজের সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীরা এখন ঘরে বসেই অনলাইনে টিউশন ফিসহ সব ধরনের ফি জমা দিতে পারবেন।
এখন আর ব্যাংকে গিয়ে লাইন ধরে টাকা জমা দিতে হবে না। এতে সময় ও খরচ উভয়ই রক্ষা পাবে। আর এই সুযোগ-সুবিধার জন্য সোনালী ব্যাংকের সঙ্গে দেবেন্দ্র কলেজের চুক্তি স্বাক্ষর হয়েছে।
আজ বুধবার দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে চুক্তি স্বাক্ষর করেন সোনালী ব্যাংক মানিকগঞ্জ অঞ্চলের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) এ,এস,এম আবদুল লতিফ এবং সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: নুরুল আমিন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সোনালী ব্যাংক লিমিটেড মানিকগঞ্জ শাখা ব্যবস্থাপক মো: আফজাল হোসেন, সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক গিরীশ কুমার রায়, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক খায়রুজ্জামান রাসেলসহ অন্যান্য কলেজ শিক্ষক এবং ব্যাংকের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এসময় সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: নুরুল আমিন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ডিজিটাল বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। সরকারি দেবেন্দ্র কলেজের কার্যক্রমেও ডিজিটালাইজড করা হয়েছে।
তিনি বলেন বেশিরভাগ কার্যক্রম অনলাইনে করা হচ্ছে। আজ সোনালী ব্যাংকের সঙ্গে অনলাইন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আরো এক ধাপ এগিয়ে গেলো।
সোনালী ব্যাংকের এজিএম এএসএম আবদুল লতিফ বলেন, বঙ্গবন্ধুর ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করছেন।
এরই ধারাবাহিকতায় সোনালী ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অনলাইন চুক্তি করে চলেছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রাহক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঘরে বসেই সব ধরণের টিউশন ফি জমা দিতে পারবে।