বাংলা হেডলাইনস খুলনা: খুলনা নগরীতে চাকুরি দেয়ার নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার মামলায় ইঞ্জিনিয়ার মো: হাসানুল বান্নাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।
রবিবার খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি বান্না জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন বিচারক ড. আতিকুস সামাদ।
আসামি বান্না নগরীর ট্যাংক রোড এলাকার মো: শহিদুল্লাহ’র ছেলে। তিনি নিজেকে ইঞ্জিনিয়ার পরিচয় দিলেও তার কোন বৈধতা নেই বলে জানা গেছে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে খুলনার আদালতে বেশ কিছু মামলাও রয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, আসামি মো: হাসানুল বান্না চাকুরি দেয়ার কথা বলে সৈয়দা সুলতানা নামের একজন গৃহিনীর কাছ থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়।
এ ঘটনায় গত ২৩ সেপ্টম্বর সৈয়দা সুলতানা বাদী হয়ে আদালতে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা করেন (সিআর ১৬৪/২০)।
এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইফুল ইসলাম জানান, আসামি মো: হাসানুল বান্না আদালতে জামিন চাইলে বিজ্ঞ বিচারক নামঞ্জুর করেছেন। সে বাদীর কাছ থেকে চাকুরি দেয়ার নামে প্রতারণাপূর্বক ৫ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।
এ ধরণের অভিযোগে আসামির বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানা গেছে।