বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় দেড় যুগ পর শনিবার উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মাঠে প্রায় দিনভর এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে ফয়সাল কাদের রুমি সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি কে.এম হোসেন আলী হাসান। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারন সম্পাদকও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এস.এম.কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, বিমল কুমার দাস, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সংসদের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, আব্দুল আউয়াল শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, স্থানীয় এমপি তানভীর ইমাম, এমপি ডাঃ আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০০৩ সালে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১৪ সালে একটি সম্মেলনে এক তরফা কমিটি ঘোষণা করা হয়। এ বিষয়টি অবগত হলে সম্মেলন বাতিল করে আহ্বায়ক কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় কমিটি।
দীর্ঘ ১৮ বছর পর আনন্দঘন পরিবেশে ৪৫৮ জন কাউন্সিলর গোপন ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গনণা শেষে সন্ধ্যায় রুমি- মোস্তফাকে বিজয়ী ঘোষণা করা হয়।