বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে শনিবার সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত দুই জন ছাত্র আহত হয়েছেন। নিহত ছাত্রের নাম নূরী । বয়স ১৫ বছর।
সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের কাজিপুর উপজেলার দুবলাই এলাকায় সকালে মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে নূরী সহ তিন স্কুলছাত্র আহত হয়। কাজিপুর থানার ওসি (তদন্ত) গৌতম কুমার মালী জানান, তিন স্কুল ছাত্র মোটরসাইকেলযোগে কাজিপুর আরডি উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা দেখতে যাচ্ছিল। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দুবলাই এলাকায় নির্মাণাধীন টেক্সটাইল পলিটেকনিকের সামনে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী তিন ছাত্রই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে নূরীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার পথে দুপুর ১টার দিকে সে মারা যায়। নূরী সদর উপজেলার সড়াতলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আহতরা হলো-একই এলাকার মোকছেদ আলীর ছেলে স্বপন মাহমুদ (১৫) ও বেলাল হোসেনের ছেলে আরমান হোসেন (১৫)। এ ব্যাপারে কাজিপুর থানায় মামলা হয়েছে।