বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কারাগারের এক কারারক্ষীকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।
আটক হওয়া পিন্টু মিয়া বগুড়া জেলার সোনাতলা থানার পূর্ব টেকয়ানী এলাকার
আব্দুল ওয়াহিদের ছেলে। তার কারা নং ১৪০৯০।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, কারারক্ষী
পিন্টু মিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় বাহির থেকে কারাগারের ভেতরে প্রবেশের সময় চেক পোষ্টের
কারারক্ষী আতিকুর রহমানের (কারা নং ১৩৪৫৩) সন্দেহ হলে তাকে তল্লাশি করে। এ সময় পিন্টু
মিয়ার প্যান্টের ডান পাশের পকেটে রাখা ৩২৮ পিস ইয়াবা পাওয়া যায়।
পরে পিন্টু মিয়াকে কারা হেফাজতে আটক রেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে ইয়াবা জব্দ করে আটক পিন্টু মিয়াকে থানায় নিয়ে যায়। এ বিষয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।