বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ নওগাঁয় ট্রেনের ধাক্কায় আহত রাণীনগর থানার এসআই আক্তারুজ্জামান আকতার (৪৮) মঙ্গলবার বিকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। দুপুরে তিনি কানে মোবাইল ফোন ধরে রাণীনগর স্টেশন এলাকায় লাইনের উপর দিয়ে হাটার সময় এ দুর্ঘটনা ঘটে। বগুড়া মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মন্ডল এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ কর্মকর্তা আকতার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামের রজব আলীর ছেলে। তিনি গত বছরের ২৬ জানুয়ারি থেকে নওগাঁর রাণীনগর থানায় কর্মরত ছিলেন। মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে তিনি রাণীনগর স্টেশন এলাকায় কাজ শেষে রেল লাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় মোবাইল ফোন তার কানে ধরা ছিল। তখন খুলনাগামী রূপসা আন্ত:নগর ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে বিকাল ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে এসআই আকতার মারা যান। ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়না তদন্ত শেষে তার লাশ নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার বুঝে নেন। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।