বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় একটি আঞ্চলিক সংগঠনের আভ্যন্তরীন কোন্দলে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনায় ৩ জন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার দুর্গম বালুমুড়া মারমা পাড়া এলাকায় আঞ্চলিক সংগঠন এর মধ্যে এ ঘটনা ঘটে।
সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তিন জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহ আনতে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।
এই ঘটনায় ৩জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের নাম ও পরিচয় জানা যায়ণি। তবে কোন কোন গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে।
রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবির গুলি বিনিময়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ৩ জন নিহত হয়েছে। তবে কে কোন গ্রুপের নিহত হয়েছে তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তিনি জানান ঐ এলাকায় গোলাগুলির ঘটনা শোনার পর সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তিন জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহ আনতে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে। কারা এঘটনা ঘটিয়েছে এ প্রসঙ্গে তিনি বলেন স্থানীয়ভাবে অর্ন্তকলহের কারণে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এবং নিহত ৩ জনের বিষয়ে এখনো নিশ্চিত কিছু পাওয়া যায়নি। ঘটনার তদন্ত স্বাপেক্ষে বিষয়টি আমরা নিশ্চিত হতে পারবো বলে তিনি জানান।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহম্মেদ খান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সন্ধ্যা নাগাদ রাজস্থলী উপজেলার দুর্গম বালুমুড়ার মারমা পাড়ায় আঞ্চলিক দলের মধ্যে প্রায় দেড় ঘন্টা ধরে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। আমরা খবর পাওয়া মাত্র এলাকায় উদ্দেশ্যে ফোর্স নিয়ে রওনা হয়েছি। ঘটনার বিস্তারিত এলাকায় গিয়ে জানাতে পারবো।