বাংলা হেডলাইনস সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেন দূর্ঘটনায় গঠিত রেল বিভাগের তদন্ত কমিটির রিপোর্ট দাখিল করা হয়েছে। এই রিপোর্টেও বলা হয়েছে রেল লাইনের ত্রুটির কারনে ঐ দুর্ঘটনাটি ঘটেছে। পশ্চিমাঞ্চল রেল বিভাগের ৫ সদস্য বিশিষ্ট গঠিত তদন্ত কমিটির প্রধান পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সোমবার সন্ধ্যায় জানান, গঠিত ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক তদন্তে রেল লাইনের ত্রুটির প্রমাণ পাওয়া গেছে। তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীর স্বাক্ষ্য গ্রহণ, রেলওয়ে বিভাগের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে তা বিশ্লেষণ করে এই তদন্ত রিপোর্ট তৈরি করা হয়।
তদন্ত রিপোর্টে ওই দুর্ঘটনার কারণ চিহ্নিত করে দু’টি সুপারিশও করা হয়েছে। এ প্রতিবেদনটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে তিনি জানান। এ নিয়ে উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনসহ রেল বিভাগের গঠিত ৫ টি তদন্ত কমিটির মধ্যে ২টি তদন্ত কমিটি একই কারণ উল্লেখ করে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়। উল্লেখ্য, ১৪ নভেম্বর দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকা-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়া রেলষ্টেশন এলাকায় রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগিতে আগুন ধরে যায়। এতে কোন প্রাণহানির ঘটনা না ঘটলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।