বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

রোববার দেশব্যাপী বিএনপির বিক্ষোভ

  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৫৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : বিএনপি কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার সারাদেশে মহানগর ও জেলা সদরে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল কর্মসূচি ঘোষণা করেছে। ঢাকা মহানগরে থানায় থানায় কর্মসূচিটি  পালন করবে।

শনিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দলটির যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী কারাবন্দি হন।

সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে তারা (সরকার) একটি জঘন্য নাটক করছে। এই নাটক বাদ দিয়ে বেগম জিয়ার জীবন রক্ষার্থে তার জামিনের ব্যবস্থা করুন এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করে দেন। অন্যথায় এদেশের মানুষ কোন দিন আপনাদের ক্ষমা করবে না। কারণ তখন আপনারা ক্ষমার অযোগ্য হবেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, বিজয়ের এই মাসে আমাদের অফিসের সামনে (বিএনপির কেন্দ্রীয় কার্যালয়) আবার সেই অবস্থা ফিরে এসেছে। পুলিশ ও র‍্যাব এবং ভয় দেখানোর প্রক্রিয়াগুলো অবলম্বন করছে। কিন্তু ভয়-টয় দেখিয়ে কোন লাভ হবে না। আন্দোলন ও সংগ্রামের মধ্যে দিয়েই এদেশের মানুষ তাদের অধিকার আদায় করে নেবে। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদসহ দলটির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com