বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হরিণচড়া নামক স্থানে বৃহস্পতিবার সকালে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও হেলপার নিহত ও ১৯ বাসযাত্রী আহত হয়েছে।
নিহতরা হলো-বগুডা জেলার নন্দীগ্রাম উপজেলার ঢাকুর গ্রামের রাজু আহমেদ (২৮) (ট্রাকচালক) ও একই উপজেলার কুন্দারহাট গ্রামের খোকন মিয়ার ছেলে হামজালা রনি (২২) (হেলপার)। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আক্তারুজ্জামান জানান, রাজশাহী থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হরিণচড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক রাজু ও হাসপাতালে নেওয়ার পথে হেলপার রনি মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।