বাংলা হেডলাইনস : বাংলাদেশ আওয়ামী লীগের দুদিনব্যাপী ২১তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন বিদায়ী সভাপতি শেখ হাসিনা ও বিদায়ী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত করার সাথে সাথে কিছু চমক উপহার দিয়েছে।
শনিবার সম্মেলনের শেষ দিনে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল অধিবেশনে আগামী তিন বছরের জন্য সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদ সমূহে নির্বাচিত করা হয়।
সাবেক নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান, বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং জাহাঙ্গীর কবির নানককে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত করা হয়েছে। যেটা এই সম্মেলনের বড় চমক বলেই দল এবং রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে।
এদিকে বিদায়ী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিমকে নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে মাহবুবুল আলম হানিফ এবং দিপু মনি যুগ্ম সাধারণ সম্পাদক পদেই বহাল রয়েছেন।
আওয়ামী লীগের ৮১-সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাকী পদসমূহ অল্প কিছু দিনের মধ্যেই বণ্টন করা হবে,বলে জানা গেছে।
দলের নেতাকর্মী এবং সমর্থকরা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং ওবায়দুল কাদেরকে যথাক্রমে আবার সভাপতি ও সাধারণ সম্পাদক করায় খুব খুশি এবং দলকে আরও শক্তিশালী এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী। শেখ হাসিনা ৯ম বারের মত আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন এবং ওবায়দুল কাদের ২য় বার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।