বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ও প্রবল বর্ষণ সিরাজগঞ্জে যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে।
গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ ও কাজিপুর মেঘাই পয়েন্টে ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৪৩ ও মেঘাই পয়েন্টে ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিরাজগঞ্জ (বিপৎসীমা ১২.৯০ মিটার) ও কাজিপুর (বিপৎসীমা ১৪.৮০ মিটার)। সেইসাথে ফুলজোড় ও করতোয়াসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের মানুষ বন্যার আশঙ্কা করছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাজমুল হোসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, উজানের পাহাড়ি ঢলের পানিতে ও প্রবল বর্ষণ অব্যাহত থাকায় কয়েক সপ্তাহ ধরে দফায় দফায় যমুনায় পানি বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে যমুনার পানি সিরাজগঞ্জে তৃতীয় দফায় বৃদ্ধি পাচ্ছে। এ কারণে যমুনার তীরবর্তী ৫টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কৃষকের বিভিন্ন ফসল তলিয়ে গেছে। ইতোমধ্যেই শাহজাদপুর, চৌহালী ও কাজিপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেইসাথে যমুনার তীরবর্তী কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর, চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলার অনেক স্থানে ভাঙ্গনও দেখা দিয়েছে। ভাঙ্গন স্থানগুলোতে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড নজর রাখছে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
তবে যমুনা নদীতে আরো কয়েকদিন পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি গেলেও বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা ও বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলে তিনি উল্লেখ করেন।