বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
এমন খবরে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আনন্দে মেতে উঠেছেন। ড. সুমন কান্তি বড়ুয়া বলেন, রোববার দুপুর আড়াইটার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্পটি একনেকে অনুমোদনের খবর পেয়ে শরবত পান করিয়ে অনশনরত শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করানো হয়েছে। অনশনরত শিক্ষার্থীরা যারা হাসপাতালে ভর্তি ছিলেন তারাসহ সবাই সুস্থ রয়েছেন জানান তিনি।
এদিকে স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন হওয়ায় গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছাত্রদের কোনো আন্দোলনই বৃথা যায়না উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, এরই ধারাবাহিকতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দীর্ঘদিনের যৌক্তিক আন্দোলনও সফল হয়েছে। সেইসাথে শিক্ষক, কর্মকর্তা-
কর্মচারীসহ যারা আমাদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আমাদের উৎসাহ দিয়েছেন তাদের সবার প্রতি ধন্যবাদ জানিয়ে শাহজাদপুরসহ সিরাজগঞ্জের আপামর জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ২০১৬ সালে প্রতিষ্ঠার দুবছর পর ২০১৮ সালে ভাড়া করা ভবনে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম চালু করা হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে এক হাজার দুইশ শিক্ষার্থী, ৩৪ শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ কর্মচারী কর্মরত রয়েছেন। ৪টি অনুষদের অধীন বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ম্যানেজমেন্ট এবং সংগীত এ পাঁচটি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন শিক্ষাবর্ষের পাঠদান চলছে।
শাহজাদপুর উপজেলা শহরের বিভিন্ন স্থানে বিগত ৭ বছর ধরে ৮টি ভাড়া করা ভবনে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম চালিয়ে আসছে। গত এক বছর ধরে স্থায়ী ক্যাম্পাসের জন্য আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা। গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে মহাসড়ক ব্লকেড ও রেলপথ ব্লকেডসহ কঠোর কর্মসূচি পালন করেন। সবশেষে শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টা থেকে আমরণ অনশন শুরু করেছিলেন শিক্ষার্থীরা।