বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : হেলিকপ্টারে এসে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রবাসী নেতা মোঃ মোশাররফ হোসেন সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনে প্রার্থিতা ঘোষণা করেছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই নেতাকে বহন করা হেলিকপ্টারটি অবতরণ করে। এরপর হেলিকপ্টার থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান এম এ মতিন, মহাসচিব স, উ, ম, আবদুস সামাদ এবং ওই আসেনের প্রার্থী মোঃ মোশাররফ হোসেন একে একে নেমে আসেন। দলটির মনোনিত মোমবাতি প্রতীকে মোশাররফ হোসেন নির্বাচন করার কথা জানিয়ে বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকলেও দেশের প্রতি গভীর ভালবাসার টানেই জনগণের কল্যাণে কাজ করতে তিনি নির্বাচনে অংশ নিতে ছুটে এসেছেন। এ সময় দলটির চেয়ারম্যান এম এ মতিন বলেন, অত্যন্ত দুঃখজনক ও পরিতাপের বিষয় হলো ২৪-এর আন্দোলনের পর বৈষম্য দূর হওয়ার পরিবর্তে তা আরও প্রকট আকার ধারণ করেছে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সবসময় সকল ধরণের বৈষম্যের বিরুদ্ধে ও প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে অবস্থান করে।
তিনি আরো বলেন, যেহেতু প্রতিহিংসাই সমাজে অরাজকতার মূল কারণ তাই ইসলামী ফ্রন্ট সকল ধরণের অরাজকতার কবর রচনা করে দেশে শান্তি প্রতিষ্ঠা করার ঘোষণা দেন।