বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাঙ্গামাটিতে আলোচনা সভায় জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে আরো বেশি দেশপ্রেমিক হওয়ার আহবান জানিয়েছেন বক্তারা।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করছিলো। দেশকে ভালবেসে ছিলো বলেই বাংলাদেশ একটি লাল সবুজ পতাকা পেয়েছে। দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। জাতির পিতা একটি বারের জন্যও দেশের উন্নয়ন ছাড়া কোন কথাই বলেননি। তাঁর মতোই আমাদেরকে চিন্তা করতে হবে বলে বক্তারা মত ব্যক্ত করেন।
শুক্রবার বিকেলে ঐতিহাসিক ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর ৪৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সহ-সভাপতি রুহুল আমিন, বন ও পরিবেশ সম্পাদক অভয় প্রকাশ চাকমা, সদস্য জাহিদ আক্তার এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক চাকমা।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে মহাবিজয়ের মধ্যদিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে ১৯৭২ সালের এ দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্ত স্বদেশে ফিরে আসেন। নয় মাসের সশস্ত্র ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হলেও প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর দেশে ফিরে আসার মধ্য দিয়েই বাঙালির স্বাধীনতা সংগ্রামের বিজয় পূর্ণতা পায়। বঙ্গবন্ধু তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা’ হিসেবে আখ্যায়িত করেন।