বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: জেলা শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে আগামী ১৮ জানুয়ারি শুরু হচ্ছে বঙ্গবন্ধু সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ এসপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। আনন্দঘন পরিবেশে ২০ দিনব্যাপী এ টুর্নামেন্টে ফাইনালসহ ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সিরাজগঞ্জ পৌর কনভেনশন হল রুমে শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু সিরাজগঞ্জ প্রিমিয়ার ক্রিকেট লীগ আয়োজক কমিটির আহবায়ক মারুফ সিরাজী এ তথ্য জানান। তিনি আরো জানান, গত দুটি আসরে সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ (এসপিএল) নামে এ টুর্নামেন্টটি এবার বঙ্গবন্ধু এসপিএল নামে পরিচিত হবে। এবার ৬টি টিম এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। দলগুলো হলো, স্বাধীন সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ টাইগার, সিরাজগঞ্জ লায়ন, সিরাজগঞ্জ স্টার, সিরাজগঞ্জ ভাইকিংস ও সিরাজগঞ্জ সিক্সার। স্থানীয় ছাড়াও প্রতিটি দলে দুজন করে দেশি বা বিদেশি খেলোয়াড় এ খেলায় অংশগ্রহণ করতে পারবেন। আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনাল খেলার মধ্য দিয়ে তৃতীয় আসরের সমাপ্তি ঘটবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা সোহাগ, বঙ্গবন্ধু এসপিএল টি-২০ তৃতীয় আসরের আয়োজক কমিটির সদস্য সচিব সালমান হক শিবলী, জিয়া হায়দার, মমিন হাসান প্রমুখ।