বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: চার বছর পর বহিস্কারাদেশ প্রত্যাহার হলো মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমের। ২০ জানুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার পত্রে স্বাক্ষর করেছেন। ফলে গাজী কামরুল হুদা সেলিম এখন থেকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সকল কার্যক্রমে অংশ নিতে পারবেন।
দলীয় সূত্রে জানা গেছে গাজী কামরুল হুদা সেলিম ২০০৩ সাল থেকে টানা ২০১৪ সাল পর্যন্ত দলের জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে ত্রি-বার্ষিক সাধারণ সভায় নির্বাচনে গাজী কামরুল হুদা পরাজিত করে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুস সালাম।
জেলা আওয়ামী লীগের কমিটিতে সদস্য পদেও গাজী কামরুল হুদা সেলিমকে রাখা হয়নি। ২০১৫ সালে মানিকগঞ্জ পৌর নির্বাচনে গাজী কামরুল হুদা সেলিম মেয়র পদে স্বতন্ত্র নির্বাচন করে জয় লাভ করেন।

আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করায় আওয়ামী লীগের গঠতন্ত্রের ৪৭ (ক) ধারা অনুয়ায়ী কারণ দর্শানোর নোটিশ দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ। ওই নোটিশের জবাব দেন কামরুল হুদা সেলিম।
এদিকে গাজী কামরুল হুদা সেলিমের বহিঃস্কারাদেশ প্রত্যাহার হওয়াতে জেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীদের মধ্যে খুশির জোয়ার বইছে। তাদের প্রত্যাশা আগামী জেলা আওয়ামীলীগের কাউন্সিলের গাজী কামরুল হুদা সেলিম একজন শক্তিশালি সাধারণ সম্পাদক প্রার্থী হবেন।
এব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন বলেন, কামরুল হুদা একজন দক্ষ সাংগঠনিক তার বহিঃস্কারাদেশ প্রত্যাহার করে নেওয়াতে দলের জন্য ভালো খবর।
বহিঃস্কারাদেশ প্রত্যাহার প্রসঙ্গে জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম বলেন, দুর্দিনে দলের জন্য কাজ করেছি। দলীয় নেতাকর্মীরা আমাকে সাধারণ সম্পাদক বানিয়েছিলেন। পৌর নির্বাচনে জনগনের চাপে প্রার্থী হয়েছিলাম।
এতে দলীয় প্রার্থীর পরাজয় ঘটে। দলের প্রতি আস্থা রেখে বহিঃস্কার হওয়ার পরও কাজ করেগেছি। দলের সিদ্ধান্তে চার বছর পর বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়াতে এখন থেকে দলের সকল সাংগঠনিক কাজে অংশ নিতে পারবো।