বাংলা হেডলাইনস বগুড়া : বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিম মিতু নিজ ক্লাব বগুড়া মাটিডালী ক্রীড়া চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন।
শুক্রবার সকালে শহরের মাটিডালি এলাকায় ‘মাদকমুক্ত জীবন চাই, সন্ত্রাসমুক্ত সমাজ চাই’ এই শ্লোগানকে সামনে রেখে শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সকালে মাটিডালী ক্রীড়া চক্র কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন, ক্লাবের সভাপতি ক্রিকেটার মুশফিকের বাবা মাহবুব হামিদ তারা। হাতি, ঘোড়া, টমটমসহ নানা যানবাহন নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রায় ৭০০ সদস্য অংশ নেন।
আনন্দ শোভাযাত্রাটি শহরের সাতমাথা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাটিডালি গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় পুলিশের সাজোয়া বাদ্যদল ছিল। আনন্দ শোভাযাত্রায় জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিম , বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, ক্লাবের সভাপতি মাহবুব হামিদ তারা, সাধারণ সম্পাদক ফারুকুল হাসান ফারুক, বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মেজবা উল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বেলা আড়াইটায় ক্লাবের আয়োজনে ক্রিকেট খেলা, সন্ধ্যা সাড়ে ৬টায় আলোচনা সভা, রাত সোয়া ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।