অবৈধ ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াকে র্যাব গতকাল বুধবার আটক করে আজ বৃহস্পতিবার তেজগাঁও থানায় হস্তান্তর করেছে।
র্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, মোহামেডান ক্লাবে অবৈধ ক্যাসিনো ভাড়া দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেছেন লোকমান। তার এ টাকা অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ ও এএনজেড ব্যাংকে রাখা আছে।
লোকমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ক্যাসিনো থেকে কোটি কোটি টাকা উপার্জন করেছেন এবং অস্ট্রেলিয়ার ঐ দুই ব্যাংকে তার ৪১ কোটি টাকা রয়েছে।
র্যাব বুধবার রাতে লোকমানকে রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ আটক করে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে মাদক আইনে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।পরে লোকমানকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।