বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গা থানার দত্তকুশা গ্রামে মশার কয়েলে অগ্নিকান্ডে গোয়াল ঘরসহ ৩টি গরু পুড়ে মারা গেছে। এতে নিঃস্ব হয়ে গেছে একটি পরিবার। শুক্রবার রাতে ওই গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্বজনেরা জানায়, কৃষি কাজের পাশাপাশি তিনটি গরু লালন-পালন করছিলেন অসহায় আনোয়ার। প্রতিদিনের মতো শুক্রবার রাতে গরু তিনটি গোয়াল ঘরে বেঁধে ঘুমিয়ে পড়েন বাড়ির সবাই এবং গভীর রাতে মশার কয়েল থেকে গোয়াল ঘরে আগুন লাগে। এ সময় গরুর চিৎকারে বাড়ীর লোকজন জেগে ওঠে। পরে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ওই পরিবারের গরু ৩টি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। পালিত গরু ৩টির বর্তমান বাজার দাম প্রায় সাড়ে ৩ লাখ টাকা বলে উল্লেখ করা হয়।