বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় আহত মান্নান (২৮) মারা গেছেন। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার ধোপাপাড়া গ্রামের আয়নাল হকের ছেলে। নিহতের স্বজনেরা জানান, স্থানীয় কয়েক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করায় সাহসী মান্নান তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এরই জের ধরে গত রোজার ঈদের পরদিন রাতে স্থানীয় দোকানের সামনে সন্ত্রাসীরা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম ও পেটে ফলাকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া এবং পরবর্তীতে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখান থেকে পুনরায় সিরাজগঞ্জের ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যার দিকে মারা যান। বৃহস্প্রতিবার দুপুরের দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে মান্নানের চাচা তছির উদ্দিন মুন্সি বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলার ১ জন আসামি বাদে সবাই জামিনে রয়েছেন। এদিকে সিরাজগঞ্জ সদর থানার এসআই রেজাউল বলেন, আহত মান্নান মারা যাওয়ায় মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর হতে পারে। তবে বাদীকে আদালতে এই মর্মে অভিযোগ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।