বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদর থানা পুলিশ মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি রাসেল আকন্দকে (৩৫) দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে শহরের ফুলবাড়ি উত্তরপাড়ার বাড়ি থেকে গ্রেফতারের পর তাকে জেলহাজতে পাঠানো হয়। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সদর থানার এসআই খোরশেদ আলম জানান, রাসেল আকন্দ বগুড়া শহরের ফুলবাড়ি উত্তরপাড়ার নজরুল আকন্দের ছেলে। তিনি একাধিক মাদক মামলার আসামি। একটি মামলায় গ্রেফতার হবার পর কিছুদিন আগে আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদন্ড দেন। সাজা হবার পর থেকে তিনি গোপনে মাদক ব্যবসা করে আসছিলেন। শুক্রবার দুপুরে গোপনে খবর পেয়ে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার কাছে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।