বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়া গোয়েন্দা বিভাগের পুলিশ রোববার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মহাস্থান থেকে ছয় লক্ষাধিক টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছে। তাদের কাছে ছিনতাইয়ের দেড় লাখ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো বগুড়ার কাহালুর মনোয়ারুল ইসলাম রাকিব (২২), নজরুল ইসলাম (২৫), নাষিম আহম্মেদ নয়ন (১৯) ও শিবগঞ্জের তরিকুল ইসলাম আতিক (২১)।
বগুড়া ডিবি ইন্সপেক্টর আসলাম আলী জানান, মোছাদ্দেক হোসেন নামে এক ব্যবসায়ী গত ৩ অক্টোবর বিকালে রূপালী ব্যাংক মহাস্থান শাখা থেকে ৬ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করেন। তিনি টাকাগুলো ব্যাগে নিয়ে মোটর সাইকেলে শিবগঞ্জের মোকামতলা যাচ্ছিলেন। তিনি মহাস্থান ব্রিজের উত্তরে মাঝিপাড়া এলাকায় পৌঁছলে তিনজন ছিনতাইকারী মোটর সাইকেল দিয়ে তার পথরোধ করে। এরপর তারা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। অভিযোগ পাবার পর বিভিন্ন কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে ৫ ছিনতাইকারীকে সনাক্ত করা হয়। টাকাগুলো ছিনতাইয়ের জন্য তিনজন মহাস্থানে অবস্থান নেয়। অপর দু’জন ব্যাংক থেকে ব্যবসায়ী মোছাদ্দেককে লক্ষ্য করে। টাকা নিয়ে বের হবার পর এরা ফোনে তিন সঙ্গীকে খবর দেয়। টাকাগুলো ছিনতাইয়ের পর রাকিবের বাড়িতে নিয়ে ভাগবাটোয়ারা করে নেয়া হয়। এ ব্যাপারে ব্যবসায়ী শিবগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ কর্মকর্তা আরো জানান, রোববার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উল্লিখিত চার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছে ছিনতাইয়ের দেড় লাখ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। অপর ছিনতাইকারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।