বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃবগুড়ার শেরপুরে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে এসে গ্রেফতার হয়েছেন, শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান বেলাল (৩৫)। বুধবার রাতে তাকে শেরপুর উপজেলার গাড়িদহ এলাকা থেকে মোটরসাইকেল ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর ও অন্যরা জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান বেলাল বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার মৃত মনিরুজ্জামানের ছেলে। বুধবার রাতে বেলাল মাদক বিক্রির জন্য জাবের আলী নামে এক সঙ্গিকে সাথে নিয়ে মোটর সাইকেলে শেরপুরের গাড়িদহ এলাকায় আসেন। এর আগে তিনি ক্রেতাদের ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ইয়াবার ছবি পাঠিয়ে দেন এবং বিকাশের মাধ্যমে বিল দিতে বলেন। এ সময় গোপনে খবরপেয়ে তাদের মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয়। বেলালের শরীর তল্লাশি করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। বেলালের সঙ্গি রহিমাবাদ বি–ব্লকের বাসিন্দা ও বগুড়া আর্মি মেডিকেল কলেজের পিয়ন জাবের আলীকে সেনাবাহিনীর লোকজন নিয়ে গেছেন। শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান জানান, আসাদুজ্জামান বেলাল আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি। এদিকে স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান বেলালকে থানা থেকে ছাড়িয়ে নিতে বুধবার রাতভর নেতাকর্মীরা তদবির করেন। কিন্তু সাংবাদিকরা জেনে যাওয়ায় তা সম্ভব হয়নি। এছাড়া উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের সংখ্যা নিয়েও নানা প্রশ্ন উঠে। এ ব্যাপারে এসআই রুম্মান হাসান তার বিরুদ্ধে শেরপুর থানায় মামলা করেছেন। পরে বেলালকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। শাজাহানপুর থানার এসআই সোহেল রানা জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান বেলালের বিরুদ্ধে থানায় অস্ত্র, মাদক ছাড়াও বিভিন্ন অভিযোগে ৫টি মামলা রয়েছে।