বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ইলিশ মাছ ধরার অপরাধে ১৭ জেলেকে ১১ দিন করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান শনিবার বিকেলে এই দণ্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার দোগাছী গ্রামের সাইদুল (৩৫), বেলকুচি উপজেলার নানাপুর গ্রামের বাবু (১৯) ও টাংগাইলের কালিহাতী উপজেলার আফজালপুর গ্রামের ইসরাইল (৫০), সালমান (১৯), ইব্রাহীম (২২), শরিফ (৩০), আনোয়ার (৩২), শাহাদাত (২১), ওয়াজকরণী (২৬), রফিকুল (২২),ইব্রাহিম (২৬), আবু বক্কার (৩৬), নাজমুল (১৯), আব্দুল্লাহ (২১), মান্নান (১৯), খায়রুল (৩৫), আশরাফুল (৩২)। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫ টা থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদরের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় তাদেরকে আটক করা হয় এবং ৯৫ হাজার মিটার ক্যারেন্ট জাল ও ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে বসিয়ে তাদের উল্লেখিত কারাদন্ডাদেশ প্রদান করা হয়। সেইসাথে জব্দকৃত ক্যারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশগুলো স্থানীয় দুটি এতিম খানা ও মাদ্রাসায় বিতরন করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আনোয়ার হোসেন ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।