বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদর থানা পুলিশ শনিবার রাতে শহরতলীর ফুলতলা এলাকায় একটি ফিলিং স্টেশনের পাশ থেকে যুবলীগের ১০ নেতাকর্মীকে আটক করেছে। তাদের পাশে সেবন করা তিন বোতল ফেনসিডিল পাওয়া গেছে। সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানিয়েছেন, আটক সকলে যুবলীগের নেতাকর্মী। এরা হলেন বগুড়া শহরের কলোনী চক ফরিদ এলাকার আনোয়ার হোসেন (৩৩), একই এলাকার মোক্তার হোসেন (৪৫), নূর আলম (৩৫), আশিক হোসেন (৪২), শহিদুল ইসলাম (৪২), মুনিম (৩০), সাজু (৩০), সামসাদ শেখ (৪২), ফিরোজ (৪২) এবং ফুলতলা এলাকার নান্টু (৩২)।
সদর থানার এএসআই আবু তাহের ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৯টার দিকে এরা ১০ জন শহরতলীর ছিলিমপুর এলাকায় বগুড়া ফিলিং স্টেশনের পাশে বসেছিলেন। তাদের পাশে সেবন করা তিন বোতল ফেনসিডিল ছিল। তারা সদুত্তর দিতে না পারায় তাদের আটক করে থানায় আনা হয়েছে। তবে ওই এলাকার লোকজন জানান, এরা সকলে সেখানে বসে ফেনসিডিল সেবন করছিলেন। রাত ১০টায় এ খবর পাঠানো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন মামলা হয়নি। এদের ছাড়িয়ে নিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা থানায় তদবির করছিলেন। সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, আটক যুবলীগের নেতাকর্মীদের কাছে কোন মাদক বা অস্ত্র পাওয়া যায়নি। ১০ জন একত্রিত হওয়ায় তাদের আটক করে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।