বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর গ্রামে হাঁস খুঁজতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইসমত আরা (৩৪) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের কালু শেখের স্ত্রী। শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুরে মাছ চাষ করছেন স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন প্রামানিক। ওই পুকুরের পানি উপচে পড়ে স্কুলমাঠ ভরে গেছে, সেখানে মাছ পাহারার জন্য বৈদ্যুতিক বাল্ব সংযোগ দেন ওই ইউপি সদস্য। শুক্রবার সন্ধ্যায় ইসমত আরা হাঁস খুঁজতে যায় ওই স্কুল মাঠে। এ সময় সে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। শনিবার সকালে স্থানীয়রা উল্লেখিত মাঠে ওই গৃহবধূর লাশ দেখতে পায়। পুলিশ দুপুরে
ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।