বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন এ বছর সাড়ে চার হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে।
রবিবার দুপুরে টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজের একাডেমিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন প্রধানমন্ত্রী বলেছেন দশ হাজার ডাক্তার নিয়োগের ব্যবস্থা করতে। এবছর চার হাজার ৫০০ জন ডাক্তার নিয়োগ দেয়া হবে। বাকি পাঁচ হাজার ৫০০ ডাক্তার নিয়োগ দেয়া হবে আগামী বছর। আশা করা হচ্ছে, নিয়োগ প্রক্রিয়া শেষ হলে স্বাস্থ্যসেবা নিয়ে সমস্যা আর থাকবে না।
মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম তাড়াতাড়িই শুরু হবে। ডাক্তার, নার্স ও যন্ত্রপাতির ব্যবস্থা সময় মতোই করা হবে।
তিনি বলেন বাংলাদেশে স্বাস্থ্য সেবার অনেক অর্জন আছে। আর যতটুকু ঘাটতি রয়েছে তা আস্তে আস্তে পূরণ করা হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল ২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের এমপি তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল ৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের এমপি আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল ৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি জোয়াহেরুল ইসলাম, শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ নুরুল আমীন মিঞা প্রমুখ।