বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালু থেকে অপহৃত মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রীকে (১৪) ছয়দিনের মাথায় রোববার সকালে পুলিশ চট্টগ্রামের পাহাড়তলীর একটি বস্তি থেকে উদ্ধার করে। এ সময় অপহরণ মামলার প্রধান আসামি শামীম হোসেনকে (২২) গ্রেফতার করা হয়।
তদন্তকারী কর্মকর্তা কাহালু থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মা জানান, শামীম হোসেন কাহালু উপজেলার ভোলতা দক্ষিণপাড়ার আবদুস সালামের ছেলে। শামীম স্থানীয় বামুজা ফাজিল ডিগ্রি মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। গত ২১ অক্টোবর ওই ছাত্রী থলপাড়া গ্রামে প্রাইভেট পড়তে যাচ্ছিল। ছাত্রী অন্তারপুকুর বাজারের কাছ পৌঁছলে আসামিরা তাকে অপহরণ করে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়। এ ব্যাপারে ছাত্রীর বাবা কাহালু থানায় শামীম হোসেনসহ তিনজনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।
তিনি আরো জানান, গোপনে খবর পেয়ে রোববার সকালে চট্টগ্রামের পাহাড়তলীর একটি বস্তি থেকে ভিকটিম ছাত্রীকে উদ্ধার ও প্রধান আসামি শামীম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তাদেরকে সহযোগিতা করেছে।