বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশনের বিলাশপুর এলাকায় শ্বাসরোধ করে খালা রীনা আক্তারকে হত্যা করেছে তার ভাগ্নে। এই হত্যার ঘটনা দেখে ফেলায় খালু সিদ্দিক বেপারীকে ধারালো অস্ত্র দিয়ে পেটে ও গলায় আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ এবং নিহতের স্বজনরা জানান, রোববার সকালে বোনের ছেলে হোসেন ও তার দুই বন্ধু রীনা আক্তারের গলায় ওড়না পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনা রীনার স্বামী সিদ্দিক বেপারী দেখে ফেললে তাকেও ধারালো অস্ত্র দিয়ে পেটে ও গলায় আঘাত করে তারা দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পর সিদ্দিক বেপারীর চিৎকার শুনে বাড়ির অন্য সদস্য ও আশপাশের ফ্লাটের লোকজন তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সেখানের চিকিৎসক রীনা আক্তারকে মৃত ঘোষণা করেন। নিহত রীনা আক্তারের বোনের ছেলে হোসেন তার দুই বন্ধুকে নিয়ে শনিবার দুপুরে তাদের বাসায় বেড়াতে আসে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. প্রণয় কুমার দাস জানান, গৃহবধু রীনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সিদ্দিক বেপারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) মো. শরিফুল ইসলাম হত্যার বিষয়ে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কোনো বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার ও তদন্ত
করে হত্যার মূল কারণ বের করার চেষ্টা চলছে।