বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে গোয়েন্দা পুলিশ বুধবার এবং বৃহস্পতিবার সিরাজগঞ্জে ও পাবনায় বিশেষ অভিযান চালিয়ে ২৯টি দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার সহ ২ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ অভিযানে এলাকায় প্রশংসিত হয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- পাবনা জেলার সদর উপজেলার ভাওডাঙ্গা কালুপাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে আব্দুল ওয়াহাব (৩৫) ও খয়ের বাগান গ্রামের আব্দুল হেলাল খানের ছেলে মিজানুর রহমান মিজান (১৯)। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ২৮টি দেশীয় তৈরী বন্দুক, ১টি এলজি ও ১ রাউন্ড কার্তুজ।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের পুলিশ সুপার টুটুল চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে ওসি (ডিবি) ওহেদুজ্জামানের নেতৃত্বে এসআই ইয়াছিন আরাফাতসহ ডিবির একটি টিম পাবনা সদরের কালুপাড়া গ্রামে ও এরআগে বুধবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ১টি বন্দুক ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে দেয়া তথ্যর ভিত্তিতে ওই গ্রামের আব্দুল ওয়াহাবের বাড়িতে অভিযান চালিয়ে আরো ২৮টি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়। তারা এসব দেশীয় অস্ত্র তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান শিকদার, ডিএসবির পরিদর্শক রেজাউল করিম ও সদর থানার ওসি মোহাম্মদ দাউদ প্রমূখ।
উল্লেখ্য, পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় এই পৃথক দুটি অভিযান পারিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।