বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার বহেরাচালা এলাকা থেকে এক পোশাক শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আরিফুল ইসলাম কুড়িগ্রামের দশ ধনিরাম গ্রামের আতাউর রহমানের ছেলে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, আরিফুল ইসলাম শ্রীপুর উপজেলার বহেরা চালা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে কেএসএস নিট কম্পোজিট নামে একটি কারখানায় কাজ করতেন।
শুক্রবার দুপুরে কড়াইতলা কলা বাগানে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলা কেটে হত্যার পর ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। লাশের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে কারা এই হত্যাকান্ড সংঘটিত করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।