বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া উত্তরপাড়া মহল্লায় সেফটিক ট্যাঙ্কে আটকা পড়ে শফিকুল ইসলাম (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও দুই শ্রমিক। নিহত শ্রমিক ওই মহল্লার মৃত মন্টু শেখের ছেলে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) ষ্টেশন অফিসার হামিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত মহল্লার শামসুল হক নামে এক ব্যক্তির বহুতল ভবন নির্মাণ কাজ চলছে। শুক্রবার দুপুরের দিকে একই এলাকার ৩ শ্রমিক ওই বাড়ির পুরাতন সেফটি ট্যাংক পরিস্কার করছিলেন। তারা প্রায় ১৫ ফুট গভীরে গেলে বিষাক্ত গ্যাসে আটকা পড়েন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পথে শ্রমিক শফিকুল মারা যান। ওই হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক ইসমাইল হোসেন (৪২) ও আকাশের (২৫) অবস্থা আশংকাজনক বলে তিনি উল্লেখ করেন।