বাংলা হেডলাইনসঃ পুলিশের গোয়েন্দা বিভাগ বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যা মামলার চার্জশিট আজ বুধবার আদালতে জমা দিয়েছেন। মামলা দায়েরের এক মাসের কয়েক দিন বেশি সময়ের মধ্যে চার্জশিট জমা দেওয়া হলো।
চার্জশিটে ২৫ জনকে আসামি করা হয়েছে এবং সবাই বুয়েটের ছাত্র। ২৫ জনের মধ্যে ২১ জনকে পুলিশ গ্রফেতার করেছে।
এ ব্যাপারে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম প্রধান এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং এ বলেন ২০১১ নং রুমে (শেরে বাংলা হলের) যারা সরাসরি মারপিটে অংশগ্রহণ করেছে এরকম ১১ জন। বাকীরা পরিকল্পনা। এবং ঘটনাস্থলে অনুপস্থিত থেকেও নির্দেশনা ও পরিকল্পনায় অংশগ্রহণ করে এবং নির্দেশনা প্রদানের মাধ্যমে ঘটনাস্থলে না থেকেও তাদের সম্পৃক্ততা এসেছে।
তিনি বলেন ঘটনার মোটিভ হিসেবে সরাসরি একক কোন কারণকে এখানে দায়ী করা যাচ্ছে না। পারিপার্শ্বিক বিবেচনায় এবং সমস্ত ঘটনা প্রবাহের বিশ্লেষণে আমরা হল অথোরিটির একধরণের ব্যর্থতা আমরা দেখেছি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার সাংবাদিকদের বলেন যে তদন্ত সংস্থা পুলিশ বাহিনীর মাধ্যমে যে চার্জশিটটি দিয়েছেন নির্ভুল চার্জশীট দিয়েছেন। শীঘ্রই এটার (আবরার হত্যার) বিচার হবে আপনাদের মত, আমরাও এটা আশা করছি।
চার্জশীট জমা দেওয়ার পর আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন প্রসিকিউশন টীম রেডি রেখেছি এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলা করার জন্য আইনি যে প্রক্রিয়া আমরা তা সম্পন্ন করবো।
আবরারের মা রোকেয়া খাতুন দ্রুত সময়ের মধ্যে চার্জশীট দেওয়ার জন্য সংশ্লিষ্ট পুলিশ টীমকে ধন্যবাদ জানান।
আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন যত দ্রত সম্ভব বিচার কাজটা যেন শুরু করা হয়। এবং বাকী ৪ জন আসামিদের যেন দ্রুত সময়ের মধ্যে ধরা হয়।
বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২য় বর্ষের ছাত্র আবরারের লাশ বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়িতে অক্টোবর ৭ ভোর রাতে পড়ে থাকতে দেখা যায়। পোস্টমর্টেম রিপোর্টে বলা হয় আবরারকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আবরারের বাবা বরকত উল্লাহ অক্টোবর ৭ সন্ধ্যায় ঢাকার চকবাজার পুলিশ স্টেশনে ১৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।