বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শহরে শ্বশুরবাড়িতে গিয়ে শ্যালকের স্ত্রীকে (২৪) ধর্ষণের অভিযোগে পুলিশ বোরহান আলীকে (৩০) গ্রেফতার করেছে।
শনিবার সকালে শহরের সুলতানগঞ্জপাড়া গোয়ালগাড়ি এলাকায় এ ঘটনায় ভিকটিম নিজেই সদর থানায় ধর্ষকের বিরুদ্ধে মামলা করেছেন। দুপুরে পুলিশ গোয়ালগাড়ি এলাকা থেকে একমাত্র আসামিকে গ্রেফতার করে।
সদর থানার এসআই সোহেল রানা জানান, বোরহান আলী জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বেলঘড়িয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। সে বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়া গোলালগাড়িতে বিয়ে করে। শশুরবাড়ির পাশে ভাড়া বাসায় থেকে শহরের থানা রোডে একটি ফটোস্ট্যাটের দোকানে চাকরি করে। শনিবার সকাল ৮টার দিকে বোরহান আলী পাশেই শশুরবাড়িতে যায়। বাড়িতে শ্যালকের স্ত্রী একা থাকার সুযোগে সে তাকে ধর্ষণ করে। ঘটনার পর ভিকটিম সদর থানায় বোরহান আলীর বিরুদ্ধে মামলা করেন। বেলা সাড়ে ১২টার দিকে তাকে শহরের গোয়ালগাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভিকটিমকে পুলিশ হেফাজতে নেয়া হয়। পুলিশ কর্মকর্তা আরো জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। রোববার ওই নারীর ডাক্তারি পরীক্ষা ও অন্যান্য কাজ করা হবে।